একপদী কবিতা (Monostich)
– শাহাদাতুর রহমান সোহল
– শাহাদাতুর রহমান সোহল
১)
হাসি কাঁচভাঙাতে থেমে যায় ব্যস্ত শহরবাসী।
২)
গুচ্ছ গোলাপ ছাড়া আর সব তুচ্ছ।
৩)
লাইলী! দিবানিশী এ নাম জপে কি পাইলি!!
৪)
নূর করে আপন যা থাকে দূর।
৫)
একফোঁটা নোনাজলে ডুবে মহাসমুদ্র।
৬)
নদী হেঁটে যায় বন্যায় পায়রার হৃদয়াবধি।
৭)
শামুকের খোলে জাগ্রত যাতনা সমুদ্রের।
৮)
ডানা ভাঙা পাখিও গোধূলিতে নীড়ে ফিরে।
৯)
শেকড়ের অন্ধকারেই জন্ম গাছের সমস্ত সবুজ।
১০)
অন্ধ ঘড়িও সময়ের গন্ধ চিনে ফেলে সন্ধ্যায়।
১১)
স্ক্রিনের দূরত্ব শূন্য, মনের দূরত্ব আলোকবর্ষ।
১২)
বৃষ্টি চোখে নিয়ে ঘোরে শুকনো এক মরুভূমি।
১৩)
পাথরের ঘুম ভেঙে প্রথম উড়ে যায় প্রজাপতি।
১৪)
পাতাহীন গাছই জানে বসন্তের প্রথম সংবাদ।
১৫)
পকেটের শূন্যতা চিনিয়ে দেয় পৃথিবীর বন্যতা।
১৬)
আাাালো – আঁধারে বেশী বেশী আলোকণা ঢালো।
১৭)
সূর্য রাতে প্রদীপ হয়ে বাজায় দিনের তূর্য।
পাঠ-সহায়িকা: ১) একপদী কবিতা (Monostich) হলো এমন একটি কবিতা, যা মাত্র একটি পঙ্ক্তি নিয়ে গঠিত হলেও একটি পূর্ণাঙ্গ কাব্যিক অভিজ্ঞতা সৃষ্টি করে। Monostich শব্দটি গ্রিক monos (এক) এবং stichos (পঙ্ক্তি) শব্দ থেকে উদ্ভূত। বিশ্বসাহিত্যে এটি একটি স্বীকৃত কাব্যরীতি, যেখানে সংক্ষিপ্ততার মধ্যেই গভীর ভাব, রূপক, প্রতীক ও ব্যঞ্জনা প্রকাশ পায়। ২) প্রথম ও শেষ শব্দের মিল করেছি। অন্যভাবে মিল হয়, মিল ছাড়াও হয়। এক লাইনে কাব্যিকতা আরোপের জন্য নানা কৌশল অবলম্বন করা যায়।
Comments on Social Media:
একপদী কবিতা । এই প্রথম পড়লাম ও জানলাম । আপনাকে আন্তরিক ধন্যবাদ । অনেক সুন্দর লাগলো কবিতামালা ।
- কবি শোয়েব ইবনে শাহীন
অসাধারণ সংকলন! মাত্র এক পঙ্ক্তিতেই এত গভীর ভাব ধরে রাখা সহজ কাজ নয়। ‘শেকড়ের অন্ধকারেই জন্ম গাছের সমস্ত সবুজ’ আর ‘একফোঁটা নোনাজলে ডুবে মহাসমুদ্র’ লাইনগুলো মন ছুঁয়ে গেল।
মনোস্টিকের এই ধারাটা বাংলা কবিতায় সত্যিই এক নতুন মাত্রা যোগ করছে। কলমে আরও শাণ আসুক, কবি! ভালোবাসা নেবেন!
- Drako Shajib
কম শব্দ, গভীর অভিঘাত।
- কবি প্রিথুলা জামান
No comments:
Post a Comment